ইমরান কোথায়? বাড়িতে পাওয়াই গেল না, খালি হাতে ফিরতে হল পুলিশকে


প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan) যেন উধাও হয়ে গেছেন। তাঁর নাগালই পেল না পুলিশ। গ্রেফতার করতে গিয়ে খালি হাতেই ফিরতে হল লাহোর পুলিশবাহিনীকে। 
তোষাখানা মামলায় অভিযুক্ত ইমরানকে (Imran Khan) গ্রেফতার করতে এসে খালি হাতেই ফিরতে হল পুলিশকে। ইমরানের গ্রেফতারি নিয়ে রবিবার সকাল থেকেই নাটক চলছে। দুপুরে আচমকা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলে পুলিশবাহিনী। তোষাখানা মামলায় তাঁকে যখন তখন গ্রেফতার করা হতে পারে বলে খবরও রটে। কিন্তু কার্যত বাড়িতে ঢুকে ইমরানকে খুঁজেই পাওয়া যায়নি। পুলিশ কর্তারা জানিয়েছেন, বাড়ি ফাঁকা। ইমরানকে পাওয়া যায়নি। ফিরে আসতে হয়েছে পুলিশকে।
এদিন সকালে শোনা গিয়েছিল, সলামাবাদ এবং করাচি থেকে পুলিশ আসছে লাহোরে। ইমরানকে বাড়ি থেকে গ্রেফতার করা হতে পারে। শুনেই লাহোরের ইমরানের জামান পার্কের বাড়িটিকে ঘিরে ফেলেন তাঁর সমর্থকেরা। দুুপুরে ইমরানের বাড়ি এসে ভিড় সরিয়ে ভেতরেও ঢোকে পুলিশ। পরে পুলিশ সুপার জানান, ইমরান যে ঘরে থাকেন সেখানেও তল্লাশি চালানো হয়েছে। গোটা বাড়িতে তাঁকে পাওয়া যায়নি।
কী অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে? দেশের প্রধানমন্ত্রী-সহ অন্যান্য শীর্ষ মন্ত্রীরা দেশ-বিদেশ থেকে যে  উপহার পেয়ে থাকেন তা জমা থাকে সরকারি কোষাগার তোষাখানায়। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকার সময় বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে বহু মূল্যবান উপহার পেয়েছিলেন ইমরান। সেগুলো সরকারি তোষাখানায় জমা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি নাকি চড়া দামে সেগুলো বাইরে বিক্রি করে দেন। এই খবর সামনে আসার পরেই পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করে দেয়। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ইমরান। সেই আবেদন খারিজ হয়ে যায়। 
শোনা যায়, ইমরানের বিরুদ্ধে তিনটি মামলাও দায়ের হয়েছিল। সেইসব মামলার শুনানিতে আদালতে হাজির হননি তিনি। সেই অভিযোগেই ইমরানকে গ্রেফতার করতে রবিবার ইসলামাবাদ থেকে লাহোরে ইমরানের বাড়িতে হানা দেয় পুলিশ। যদিও পিটিআই নেতার দাবি ছিল, ওইসব মামলাই ভুয়ো। ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হচ্ছে।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

Walton Ads