ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল
তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার নির্দেশ দিয়েছে ইসলামাবাদের জেলা ও সেশন আদালত।
সোমবার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল চেয়ে পিটিআই প্রধানের দায়ের করা আবেদনের ওপর শুনানির পর, এই রায় ঘোষণা করেছেন অতিরিক্ত সেশন বিচারপতি জাফর ইকবাল। একইসঙ্গে মঙ্গলবারের মধ্যে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি।
গত রোববার ইসলামাবাদ পুলিশ ইমরান খানকে গ্রেপ্তার করতে তার লাহোরের জামান পার্কের বাসায় যায়। তবে তাকে গ্রেপ্তার না করে খালি হাতে ফিরে আসে পুলিশ। জানা গেছে, গ্রেপ্তার এড়াতে কৌশলের আশ্রয় নিয়েছেন ইমরান খান। পরবর্তীতে ইমরান খান ইসলামাবাদের সেশন আদালতে আবেদন করেন। এই আবেদনে বলা হয়েছে, যদি তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়, তাহলে তিনি এই মামলায় আত্মপক্ষ সমর্থন করার জন্য একটি ন্যায্য সুযোগ পাবেন।
ইমরান খানের বিরুদ্ধে ইসলামাবাদ ও লাহোরের বিভিন্ন আদালতের পাশাপাশি দেশটির নির্বাচন কমিশনে (ইসিপি) বিচারাধীন রয়েছে ৩৬টি মামলা। এসবের মধ্যে অযোগ্যতা, গ্রেপ্তার-পূর্ব জামিন, ফৌজদারি কার্যবিধি, প্রতিরক্ষামূলক জামিন এবং মানহানির মামলা রয়েছে। একটি মামলা আছে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে ২৫টি ইসলামাবাদের সেশন আদালতে বিচারাধীন।
এনবিএস/ওডে/সি