অপহৃত যুক্তরাষ্ট্রের ২ নাগরিকের মৃত্যু, উদ্ধার ২
মেক্সিকোয় গত সপ্তাহে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ৪ জন নাগরিককে। তাদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাকি ২জন জীবিত এবং নিরাপদে আছে বলে জানিয়েছেন মেক্সিকোর একটি রাজ্যের গভর্নর। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য এখনো সে দেশের নাগরিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেননি।
খবরে বলা হয়, টেক্সাস সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলের রাজ্য তামাউলিপাসের মাতামোরাস নগরী থেকে গত ৩ মার্চ অস্ত্রধারীরা যুক্তরাষ্ট্রের ৪ নাগরিককে অপহরণ করে। কসমেটিক সার্জারি করাতে তারা মেক্সিকো গিয়েছিলেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
মঙ্গলবার মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তামাউলিপাসের গভর্নর আমেরিকো ভিলারিয়াল অপহৃত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ বিষয়ে মেক্সিকোর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা দু’জনই পুরুষ। অপহৃত আরেক পুরুষ ও এক নারী নিরাপদে আছেন। তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর অনাকাঙ্খিত এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘‘এমন একটি ঘটনা আমাদের দেশে ঘটায় আমরা অত্যন্ত দুঃখিত। আমরা নিহতদের পরিবার, বন্ধুবান্ধব এবং যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা আমাদের কাজ চালিয়ে যাব।’’
সিবিএস নিউজ অপহৃত জনের নাম প্রকাশ করেছে। তারা হলেন, লাটাভিয়া ম্যাকগি, সাঈদ উডার্ড, এরিক জেমস উইলিয়ামস ও জিন্ডেল ব্রাউন। এফবিআই জানায়, ওই ৪ জন একটি মিনিভ্যান চালিয়ে টেক্সাসের শহর ব্রাউন্সভিলের ঠিক ওপারে মেক্সিকোর মাতামোরেস নগরীতে গিয়েছিলেন। যেখানে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের অপহরণ করে। মাদক চক্র অত্যন্ত সক্রিয়, মেক্সিকোর নগরীগুলোর মধ্যে মাতামোরস অন্যতম।
এনবিএস/ওডে/সি