নর্ড স্ট্রিম বিস্ফোরণে ইউক্রেনপন্থিরা জড়িত: নিউইয়র্ক টাইমস
মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণের উদ্ধৃতি দিয়ে কর্মকর্তারা যা বলেছেন, তার ভিত্তিতে গত বছরের ২৬ সেপ্টেম্বর মাসে নর্ড স্ট্রিম বিস্ফোরণ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা বলেছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা ইউক্রেন সরকার এই নাশকতার সঙ্গে জড়িত আছে, এমন কোনো প্রমাণ তারা পাননি।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, নতুন যে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে, তাতে নাশকতায় জড়িত অপরাধীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী ছিল। তবে নাশকতাকারী গ্রুপের সদস্য কারা, এই অপারেশন কারা সংগঠিত করেছিল এবং কে অর্থ প্রদান করেছিল তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করেন, জড়িতরা সম্ভবত ইউক্রেনীয় বা রাশিয়ান নাগরিক। তবে তারা যুক্তরাষ্ট্র বা ব্রিটিশ নাগরিক নয়।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা নতুন পাওয়া এ তথ্যকে কতটা গুরুত্ব দিতে হবে তা নিয়ে বিভক্ত। তবে তারা আশাবাদী, বিস্ফোরণ সংক্রান্ত আরও তথ্য পাওয়া সম্ভব হবে। সেই সঙ্গে অপরাধীদের খুঁজে বের করাও সহজ হবে বলে জানিয়েছেন তারা।
এদিকে বিস্ফোরণ সংক্রান্ত তদন্তের নেতৃত্বে থাকা ডেনমার্ক, জার্মানি ও সুইডেন গত মাসে বলেছিল যে তাদের তদন্ত এখনও শেষ হয়নি। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো পাইপলাইন হামলাকে ‘নাশকতা’ বলে জানিয়েছিল। এদিকে মস্কো এই ঘটনায় পশ্চিমাদের দায়ী করেছে। তবে উভয় পক্ষই কোনো প্রমাণ দিতে পারেনি।
এনবিএস/ওডে/সি