রাশিয়া থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান কিনছে ইরান

রাশিয়া থেকে অত্যাধুনিক জঙ্গী বিমান সুখোই-৩৫ কিনছে ইরান। ইতোমধ্যেই এর চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

নানা ধরনের আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধের মধ্যে থাকা ইরানের বিমানবহর বেশ পুরাতন। অবরোধের কারণে নতুন যুদ্ধবিমান কেনা দূরে থাক পুরাণো বিমানের জন্য যন্ত্রাংশ কেনাও দেশটির জন্য দুরূহ ব্যাপার হয়ে পড়েছিলো।

ইউক্রেন হামলার পর থেকে রাশিয়া পশ্চিমা রাষ্ট্রগুলোর অবরোধের মুখে পড়েছে। যা ইরানের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টিতে সহায়ক হয়েছে। ফলে তেহরান অবরোধ এড়িয়ে সুখোই-৩৫ বিমান কেনার এমন চুক্তি করতে পেরেছে। যা ইরানের জন্য সামরিক শক্তি আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে। রাশিয়াও পশ্চিমা রাষ্ট্রগুলোকে এড়িয়ে তার সমরাস্ত্রের নতুন বাজার খুঁজে নিতে পেরেছে। ইরান রাশিয়াকে শাহেদ-১৩৬ ‘কামিকাৎজে' ড্রোন সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে।

গত বছর ইউক্রেন জানায়, এসব ড্রোন ইউক্রেনে বেসামরিক স্থাপনায় হামলার কাজে রাশিয়া ব্যবহার করছে। তবে ইরান এমন অভিযোগ বরাবরই অস্বীকার করছে।

ইরান এবং রাশিয়ার মধ্যে বাড়তে থাকা সামরিক সহযোগিতা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি গত ডিসেম্বরেই বলেন, ‘রাশিয়া ইরানের কাছে ফাইটার জেট বিক্রি করতে পারে  বলে তারা জানতে পেরেছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads