ইমরানকে গ্রেফতার করে ২৯ মার্চের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
                                            
                                            
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিপদ আরও বাড়ল। পাক পুলিশ তাঁকে আগে থেকেই গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল। সোমবার পাকিস্তানের একটি জেলা আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা (Non-bailable arrest warrant) জারি করেছেন।

একজন মহিলা বিচারক এবং সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে হুমকিমূলক ভাষা ব্যবহারের জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের নামে এই অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার এ বিষয়ে শুনানি করে সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম পুলিশকে ২৯ মার্চের আগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাজির করার নির্দেশ দেন। 

প্রসঙ্গত, গত বছর ২০ অগাস্ট ইমরান খান অভিযোগ করেছিলেন তাঁর দলের এক নেতাকে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে। নাম করে পুলিশ কর্তাদের নিন্দা করার পাশাপাশি তিনি আদালতের বিরুদ্ধেও সরব হন। জেবা চৌধুরী নামে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তাঁদের হুমকি দেন বলে অভিযোগ।

এ নিয়ে পুলিশ এবং আদালতের তরফে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় বিচারক রানা মুজাহিদ রহিম আগেই ইমরানের আইনজীবীকে জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী সোমবার হাজির না হলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। সোমবার ইমরান হাজির হননি। অন্য মামলায় গ্রেফতারি এড়াতে তিনি ঘনঘন বাসা বদল করছেন। আজ আদালতে হাজির না হওয়ায় পূর্ব ঘোষণা মতো বিচারক তাঁকে ২৯ মার্চের আগে আদালতে হাজির করাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে
 

Walton Ads