ইমরানের বাড়িতে রেঞ্জার-পুলিশের গুলি: পিটিআই

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) উদ্ধৃতি দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে জামান পার্কের বাড়িটি আইন-শৃংখলা বাহিনীর চরম হামলার মুখে আছে। ভিডিও ফুটেজে দেখা যায়, আইন-শৃংখলা বাহিনী বাড়িটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

বুধবার স্থানীয় সময় ১১.৪৮ মিনিটে পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পুলিশ ও রেঞ্জার্সদের গুলি করার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। কিন্তু এই ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তা বলা হয়নি।  

পিটিআই প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ বাহিনীর ৫৪ জন সদস্য নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পর পাঞ্জাব রেঞ্জার্সের একটি বাহিনী জামান পার্কের বাড়িতে পৌঁছায়।

সংঘর্ষের সময় পিটিআই নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ারসেল ব্যবহার করেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, ৫৪ জন পুলিশ সদস্য আহত হওয়া ছাড়াও আটজন বেসামরিক লোক আহত হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বুধবারও অব্যাহত আছে।

জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে পুলিশের রাতভর বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হয়েছে । পুলিশ যেমন টিয়ারগ্যাস ছুঁড়েছে তেমনি নেতাকর্মী ও সমর্থক কিঞ্চিৎ সরে গিয়ে পুনরায় পুলিশের উপর আঘাত হেনেছে। সমর্থকদের কিছু অংশ জামান পার্কের ভিতরে আছে, যাতে পুলিশ তাদের নেতাকে গ্রেপ্তার করতে না পারে। পুলিশ পিটিআইয়ের অনেক কর্মীকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে।

আদালতের আদেশ কার্যকর করতে পুলিশ মঙ্গলবার থেকেই চেষ্টা করে যাচ্ছে। আইন-শৃংখলা বাহিনী জামান পার্ক ঘেরাও করে রেখেছে। সমর্থকদের একটি দল আইন-শৃংখলার কিছুই মানছেন না। কথা হলো পুলিশ তাদের নেতাকে গ্রেপ্তার করতে পারবে না।

এনবিএস/ওডে/সি

Walton Ads