মায়ানমারে সু চি’র দলকেও এবার নিষিদ্ধ করে দিল সেনা সরকার

দুর্নীতির অভিযোগে তাঁকে ৩৩ বছর কারাবাসের সাজা দেওয়া হয়েছে। এবার আন সান সু চি’র (Aung San Suu Kyi) দলকেই নিষিদ্ধ করে দিল মায়ানমারের (Myanmar) সেনা সরকার।

মঙ্গলবার রাতে সেনা সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলকে নিষিদ্ধ ঘোষনা করে জানিয়েছে তারা আর নির্বাচনে লড়াই করতে পারবে না।

৭৭ বছর বয়সি সু চি এই দলের প্রধান ছিলেন। জেলে যাওয়ার পরও তাঁকেই পদে বহাল রেখেছিল দল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘোষণার পর নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রীর দলটি জানিয়েছে তারা নির্বাচনে লড়াই করবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল। কমিশনের ঘোষণা অনুযায়ী সু চি-র অনুগামীরা ওই দলের ছাতার তলায় রাজনীতিও করতে পারবেন না।

প্রসঙ্গত দীর্ঘ সেনা শাসনের পর ২০২০ সালে মায়ানমারে নির্বাচনে ক্ষমতায় আসে এনএলডি। পরের বছরই সেই সরকারকে বরখাস্ত করে সু চি-কে ফের জেলে পাঠায় সেনা সরকার।

সেনার অভিযোগ, সু চি নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় এসেছেন। জেলে পাঠানোর পর তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। সেনা আদালতের বিচারে এখনও পর্যন্ত তাঁর ৩৩ বছরের জেল হয়েছে।

সেনা ফের ক্ষমতা হাতে নেওয়ার পর জানিয়েছিল এক বছর পর দেশে ভোট করা হবে। কিন্তু দু’বছর কেটে গিয়েছে। এখন মনে করা হচ্ছে, ভোট হলে সেনা অনুগত কোনও দলকে ক্ষমতায় এনে পুতুল সরকার গড়া হতে পারে।

মায়ানমারের নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি নতুন নির্বাচনী আইনের অধীনে নতুন করে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়েছে। যার কারণে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সরকারি টেলিভিশনে বলা হয়েছে, মঙ্গলবার ৪০টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

Walton Ads