পারমানবিক কার্যক্রম জোরদার করেছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার ইয়ংবায়োন প্রধান পারমাণবিক কেন্দ্রে বেশ কর্মব্যস্ততা লক্ষ করা গেছে। উপগ্রহে তোলা ছবি বিশ্লেষণ করে মার্কিন যুক্তরাষ্ট্র একথা জানিয়েছে। খবরে বলা হয় যে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্র নির্মান উপযোগী ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। এরপরই এই কেন্দ্রের কর্মব্যস্তা বেড়েছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা
ওয়াশিংটনের ৩৮ নর্থ নর্থ কোরিয়া মনিটরিং প্রোজেক্ট দাবি করেছে, গত ৩ ও ১৭ মার্চের উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ইয়ংবায়োন কেন্দ্রের একটি নতুন ‘এক্সপেরিমেন্টাল লাইট ওয়াটার রিঅ্যাক্টর’ (ইএলডব্লিউআর) নির্মান কাজ সম্পন্ন ও চালু হয়েছে।
আরো জানানো হয়েছে, প্রাপ্ত ছবি থেকে পরিষ্কার হয়েছে যে ৫ মেগাওয়াট রিঅ্যাক্টরটির কাজ শুরু হয়েছে। ইএলডব্লিউআর এর পাশেই আরেকটি সাহায্যকারী ইমারতের নির্মাণকাজও শুরু হয়েছে। এছাড়া রিঅ্যাক্টরের কুলিং সিস্টেম থেকে পানি নির্গত হতে দেখা গেছে। নতুন নির্মাণ শুরু হয়েছে ইউরেনিয়াম প্ল্যান্টেও।
কিমের সাম্প্রতিক নির্দেশের সঙ্গে এই ধরনের তৎপরতা যথেষ্ট মিল রয়েছে। গত মঙ্গলবারই উত্তর কোরিয়া নতুন ও ছোট পারমাণবিক ওয়ারহেড তৈরির কথা জানায়। এরপর সেখানে কর্মব্যস্ততার খবর পাওয়া গেল। ২০২২ সালের শুরু থেকেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দাবি করছে, উত্তর কোরিয়া যেকোনও সময়ই পারমাণবিক পরীক্ষা করতে পারে। এবার সেই আশঙ্কা যে আরও জোরালো হলো।
জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা করার ব্যাপারে উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে। দৃশ্যত উত্তর কোরিয়া যে কোন সময় তার সপ্তম পারমানবিক অস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যা হবে ২০১৭ সালের দেশটির প্রথম পারমানবিক অস্ত্রের পরীক্ষা।
এনবিএস/ওডে/সি