খেরসনে রু হামলায় নিহত ২১, আহত ৪৮
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। খেরসন শহর ও এর আশপাশের এলাকায় আবাসিক ভবন ও রেল স্টেশনসহ বহু স্থাপনা লক্ষ্য করে বুধবার (৩ মে) এ হামলা চালানো হয়। এতে আরো ৪৮ জন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুধবারের এই হামলায় যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয় তার মধ্যে হাইপারমার্কেট, রেলওয়ে স্টেশন ও ক্রসিং, পেট্রোল স্টেশন এবং আবাসিক ভবনও রয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এ হামলায় বেসামরিক নাগরিক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হতাহতরা সবাই হাইপারমার্কেটের ক্রেতা বা কর্মী। ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, ‘যখন শত্রুরা যুদ্ধক্ষেত্রে কিছুই অর্জন করতে পারে না, তখন তারা শান্তিপূর্ণ শহরগুলোতে হামলা চালায়।’
রাশিয়া গত সেপ্টেম্বরে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিল তার মধ্যে একটি হচ্ছে খেরসন। খেরসনে বুধবারের এই হামলার বিষয়ে মস্কো কোনও মন্তব্য করেনি।
তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করা রাশিয়া বরাবরই ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে এসেছে।
এনবিএস/ওডে/সি