গাজায় হামলা আরো জোরদার : ইসরায়েলে রকেট নিক্ষেপ
গাজায় ইসরায়েলি বিমান হামলা আরো জোরদার হয়েছে। উপকূলীয় ফিলিস্তিনী ছিটমহল অবরুদ্ধ গাজায় দু’দিনের ইসরায়েলি হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ১০ জন বেসামরিক লোক। ইসলামিক জিহাদ আন্দোলনের রকেট নিক্ষেপ বাহিনীর প্রধানও নিহতদের মধ্যে রয়েছেন।
গাজায় অব্যাহত বিমান হামলার মধ্যে ফিলিস্তিনীরা ইসরায়েলে বহু রকেট নিক্ষেপ করেছে। মিসরের রাষ্ট্র পরিচালিত টিভি কেন্দ্র জানায়, দু’পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু অস্ত্রবিরতি এ চেষ্টা ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার হামলা আরো তীব্র হয়েছে। কোন পক্ষই লড়াই বন্ধ করার কোন আভাস দিচ্ছে না।
গাজার খান ইউনুসে ইসরায়েলের বিমান হামলায় জিহাদের রকেট নিক্ষেপ বাহিনীর প্রদান আলী ঘালি ও অপর দু’জন যোদ্ধা নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশন ভাষনে বলেন, ইসরায়েল ফিলিস্তিনী যোদ্ধাদের ওপর কঠোর আঘাত হেনেছে। তবে তিনি সতর্ক করে দেন যে, এ দফার যুদ্ধ এখনো শেষ হয়নি।
বুধবার রাতে রকেট নিক্ষেপ করা হয়। এতে ৮০ কিলোমিটার দূরে ইসরায়েলে দক্ষিণ ও মধ্যাঞ্চলে সাইরেন বাজতে থাকে। জিহাদ গ্রুপ জানিয়েছে, তারা রকেট হামলা অব্যাহত রাখবে।
মিসরের গোয়েন্দারা অন্য সময়ের মতো যুদ্ধবন্ধ করার চেষ্টা করছে। ইসলামি জিহাদের কর্মকর্তা মোহাম্মাদ আল হিন্দি বলেছেন, ইসরায়েলকে টার্গেট কিলিং বন্ধ করার প্রতিশ্রুতি দিতে হবে। গত মঙ্গলবার দেশটি টার্গেট ইসলামিক জিহাদের তিন কমান্ডারকে হত্যা করে।
জাতিসংঘ মহাসচির আন্তোনিও গুতেরেস গাজায় অসামরিক লোকজন হত্যার নিন্দা করে বলেছেন এটি মেনে নেয়া যায় না। তিনি অবিলম্বে সংঘাত বন্ধের আবেদন জানিয়েছেন।
এনবিএস/ওডে/সি