রাশিয়ার ৪টি কনস্যুলেট বন্ধ করে দিল জার্মানি

 মস্কো ও বার্লিনের মধ্যে কূটনৈতিক উত্তেজনার মধ্যে এবার রাশিয়ার চারটি কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে জার্মানি। পশ্চিম ইউরোপের এই দেশটিতে রাশিয়ার পাঁচটি কনস্যুলেট রয়েছে এবং এরমধ্যে চারটিই বন্ধের নির্দেশ দেওয়া হলো। বুধবার (৩১ মে) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পলিটিকো। এতে করে উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনা আরো বাড়তে পারে।

পলিটিকো বলছে, জার্মানি তার দেশে অবস্থিত পাঁচটি রুশ কনস্যুলেটের মধ্যে চারটির লাইসেন্স প্রত্যাহার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, জার্মানির ফেডারেল রিপাবলিকের চারটি কনস্যুলেট জেনারেল গুটিয়ে নেওয়ার ব্যবস্থা করতে এবং চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করতে মস্কোকে বলা হয়েছে।

দুই দেশের মধ্যে ‘কাঠামোগত এবং কর্মী সমতা’ তৈরি করার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মূলত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জার্মানি ও রাশিয়া বারবার একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে।

পলিটিকো বলছে, বার্লিনের এই সিদ্ধান্তটি বুধবার রাশিয়ান পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে একটি কনস্যুলেট জেনারেলের পাশাপাশি রাশিয়ান দূতাবাস জার্মানিতে কাজ চালিয়ে যাবে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফার বার্গার বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ায় ৩৫০ জনের বেশি জার্মান অবস্থান করতে পারবে না বলে মস্কো বিধিনিষেধ আরোপ করার পর রুশ কনস্যুলেট বন্ধ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রাশিয়া জানিয়েছিল, মস্কোতে অবস্থিত জার্মান দূতাবাসে এবং অন্য সংগঠন থেকে কর্মী ছাঁটাই করতে হবে। রাশিয়ার নির্দেশনা অনুযায়ী, ৩৫০ জনের বেশি জার্মান থাকতে পারবেন না। এই নির্দেশনার মধ্যে স্কুল ও অন্য সাংস্কৃতিক সংগঠনে কর্মরত জার্মানরাও অন্তর্ভুক্ত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads