ভিয়েতনাম যুদ্ধের গোপন নথি ফাঁসকারী ড্যানিয়েল এলসবার্গের মৃত্যু
ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের এ গোপন নথি ফাঁসকারী ছিলেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একজন সাবেক সদস্য। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর।
গত ফেব্রুয়ারিতে ক্যান্সারে আক্রান্ত হন এলসবার্গ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ক্যালিফোর্নিয়ার কেনসিংটনে নিজ বাড়িতে শুক্রবার মারা যান তিনি। মৃত্যুর এ খবর নিশ্চিত করেছে তার পরিবার।
ড্যানিয়েল এলসবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনটি ডিগ্রি লাভ করেন। এরপর মার্কিন নৌবাহিনীতে যোগ দেন। সেখান থেকে একজন বিশ্লেষক হিসেবে যোগ দেন র্যান্ড করপোরেশনে। সেসময় নীতি নির্ধারণের ক্ষেত্রে অন্যতম থিংক ট্যাংক হিসেবে কাজ করছিল প্রতিষ্ঠানটি। পরে র্যান্ড করপোরেশন ছেড়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সামরিক বিশ্লেষক হিসেবে যোগ দেন।
১৯৬০ এর দশকের মাঝামাঝি এলসবার্গকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভিয়েতনামে পাঠানো হয়। সেখানে অবস্থান করার সময়ই তিনি একেবারে কাছ থেকে ভিয়েতনাম যুদ্ধ দেখার সুযোগ পান। তার মনে হয়েছিল, মার্কিন সেনাবাহিনীর পক্ষে এ যুদ্ধে জেতা সম্ভব নয়।
ড্যানিয়েল এলসবার্গের প্রচেষ্টায় ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন সরকারের মিথ্যাচারের তথ্য প্রকাশিত হয়েছিল। এর মাধ্যমে তিনি আমেরিকানদের জানান যে, সরকার তাদের বিভ্রান্ত করতে মিথ্যার আশ্রয় গ্রহণ করছে। এজন্য তিনি প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের তীব্র সমালোচনার শিকার হন। নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এলসবার্গকে আমেরিকার সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি আখ্যা দিয়ে তাকে যেকোনো মূল্যে থামানোর কথা বলেছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি