সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ জন নিহত

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ বেসামরিক নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৩৪ জনেরও বেশি।

রোববার (২৫ জুন) সিরিয়ার জরুরি উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংস্থার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হেলমেট নামের এ উদ্ধারকারী সংগঠনটি বলেছে, পূর্ব ইদলিব অঞ্চলের গ্রাম এলাকায় একটি সবজি বাজারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি জিসর আল-শুঘর শহর নামে পরিচিত।

প্রতিবেদন বলা হয়, দুটি রাশিয়ান এসইউ-২৪এস জঙ্গি বিমান ইদলিব শহর, বেনিন শহর এবং আল-আরবিন পর্বত এলাকায় পাঁচটি হামলা চালিয়েছে। এ ছাড়া একটি রাশিয়ান এসইউ-৩৪ জঙ্গি বিমান ওই জিসর আল-শুঘর এলাকার বাজারে হামলা করেছে।

আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, রুশ জঙ্গি বিমানগুলো আজ লাতাকিয়ার উত্তরে এবং ইদলিবের আশপাশে বোমা বর্ষণ করেছে।

সিরিয়ার সিভিল ডিফেন্সের পরিচালনা পর্ষদের সদস্য আহমেদ ইয়াজজি বলেন, এই অঞ্চলে সিরিয়ান সরকার ও রাশিয়ার আক্রমণ গত কয়েক দিনে বেড়েছে। যা আমাদের কাজের ওপর বিশাল বোঝা তৈরি করেছে। হামলার সময় আমরা বাজারে উপস্থিত ছিলাম। বর্তমানে আহতদের উদ্ধারের চেষ্টা করছি।

হায়শিদ নামে এক সবজি বিক্রেতা আল জাজিরাকে বলেন, জিসর আল-শুঘরের সবজি বাজারকে এই অঞ্চল ও এর বাইরের বেশিরভাগ কৃষকের জন্য কেন্দ্রীয় বাজার হিসেবে বিবেচনা করা হয়। বাজারটিতে স্থানীয় কৃষকরা প্রত্যেক দিন তাদের ফসল বিক্রি করেন। আজকে সবজির বাজারে আমাদের কাজের সময় ওই রুশ বিমান হামলা হয়। ওই হামলায় পুরো এলাকা রক্তের পুকুরে পরিণত হয়েছিল এবং হতাহতদের দেহাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads