ওয়াগনার বস প্রিগোজিন এখন কোথায়, কেউ জানেনা
ইয়েভগেনি প্রিগোজিনকে সর্বশেষ একটি গাড়িতে করে দক্ষিণ রাশিয়ার রোস্তভ অন দন শহর ত্যাগ করতে দেখা যায়। মস্কো অভিমুখে অভিযান বন্ধের ঘোষণার পর বেলারুশে নির্বাসনে যেতে রাজি হন ভাড়াটে সেনা সরবরাহকারি প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন। তার যোদ্ধারাও নিয়ন্ত্রণে নেওয়া শহরগুলো ছেড়ে যেতে শুরু করে শনিবার। তবে প্রশ্ন উঠেছে, প্রিগোজিন এখন কোথায় আছেন?
রাশিয়ার সামরিক নেতৃত্ব উৎখাতের জন্য ইউক্রেন সীমান্ত থেকে মস্কোর দিকে অভিযান শুরু করেন প্রিগোজিন। পথে বেশ কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নেয় ওয়াগনার গ্রুপের যোদ্ধারা। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় শনিবার রাতে অভিযান বন্ধের ঘোষণা দেন তিনি।
বিদ্রোহ ঘোষণার পর ওয়াগনার প্রথম সীমান্তবর্তী শহর রোস্তভ অন দন দখল করে নেয়। গত রোববার সর্বশেষ প্রিগোজিনকে একটি গাড়িতে করে শহরটি ছাড়তে দেখা যায়। এ সময় তাকে বেশ হাসিখুশি দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে হাত নাড়ছিলেন তিনি।
ক্রেমলিনের সঙ্গে সমঝোতা অনুযায়ী প্রিগোজিনের পরবর্তী গন্তব্য বেলারুশ। তবে ইউক্রেন যুদ্ধের কারণে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমান উড্ডয়ন নিষিদ্ধ। এর অর্থ রোস্তভের সবচেয়ে কাছের বিমানবন্দরগুলো রয়েছে রাশিয়ার ভলগোগ্রাদ ও সোচি শহরে। তবে দুটি বিমানবন্দরই রোস্তভ থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। এ ক্ষেত্রে প্রিগোজিনকে হয়তো গাড়ি বা ট্রেনে করে বেলারুশে যেতে হতে পারে। সে জন্য তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি