যুদ্ধবিরতির মধ্যেই সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই ড্রোন ভূপাতিত করে ইয়েমেনের বাহিনী। 

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলার মধ্যেই সানা প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় সৌদি আরবের ড্রোনটি ভূপাতিত করা হয়। গত ২ এপ্রিল থেকে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সানার একটি আবাসিক এলাকায় সৌদি আরবের ড্রোনটি ভূপাতিত হয়। এতে তিন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন।

ইয়েমেনের আলোচকদলের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, এই ঘটনাকে কেন্দ্র করে যদি যুদ্ধবিরতি ভেঙে যায় তাহলে তার জন্য সৌদি নেতৃত্বাধীন আরব জোট দায়ী থাকবে। তিনি বলেন এই ঘটনায় জাতিসংঘের উচিত আরব জোটকে দায়ী করা।

জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল ইয়েমেনের জ্বালানি চাহিদা পূরণের জন্য তেলবাহী জাহাজ ইয়েমেনের বন্দরে প্রবেশ করতে পারবে। কিন্তু সৌদি আরব ও তার মিত্ররা প্রায়ই এই শর্ত লঙ্ঘন করছে। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

Walton Ads