ক্রিমিয়ায় গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা, সেতু সাময়িক বন্ধ

এ হামলার পর বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম সড়ক ও রেল সেতুতে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ডিপোর চারপাশের ৫ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ইউক্রেন বলেছে, তাদের সেনাবাহিনী মধ্য ক্রিমিয়ার ‘অস্থায়ীভাবে দখলকৃত’ ওকটিয়াব্রস্কে এলাকায় একটি তেল ডিপো এবং রাশিয়ান সেনাবাহিনীর গুদাম ধ্বংস করে দিয়েছে।

হামলায় একটি গোলাবারুদ ডিপো বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ান-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ। তবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমের শেয়ার করা ফুটেজে ক্রিমিয়ার ওই স্থান থেকে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা গেছে।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির একধিক বার্তাসংস্থা বলেছে, ওই হামলার পর ১২ জনের চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়েছে এবং চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া।

পাঁচদিন আগে ওই সেতুতে বিস্ফোরণে দু’জন নিহত এবং ব্রিজের রাস্তার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেতুতে সেটিই ছিল দ্বিতীয় বড় হামলা। ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এক সরবরাহ রুট ।

ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলে রুশ সৈন্যদের কাছে অস্ত্র ও সামরিক রসদ পাঠানোর অন্যতম পথ ক্রিমিয়া উপদ্বীপের দীর্ঘ এই সেতুটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শুক্রবার বলেন, রুশ-নির্মিত এই সেতুটি ইউক্রেনীয় বাহিনীর কাছে বৈধ লক্ষ্যবস্তু। কারণ এটি রাশিয়ার সামরিক সরবরাহের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads