গত বছর ক্রিমিয়া সেতুতে হামলা চালানোর কথা স্বীকার ইউক্রেনের

 ক্রিমিয়া সেতুতে গত বছর হামলা হয়েছিল। এ জন্য ইউক্রেনকে দায়ী করেছিল রাশিয়া।  সে সময় বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অনুমানও ছিল, এই হামলার পেছনে ইউক্রেনের  হাত রয়েছে। তবে ইউক্রেন এই হামলার কথা অস্বীকার করে। অবশেষ বুধবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) ওই হামলার দায় স্বীকার করেছে।

এসবিইউর প্রধান ভাসিল মালিকউক বলেন, সেখানে যে হামলা চালানো হয়েছিল তার সঙ্গে তাদের গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। ইউক্রেনের যুদ্ধকালীন অভিযান নিয়ে ডাক টিকিট প্রকাশকালে তিনি এ কথা বলেন। তার এই বক্তব্য টেলিভিশনে প্রচারও করা হয়েছে।

ভাসিল মালিকউক বলেন, ‘অনেক ধরনের অভিযান চালানো হয়েছে, বিশেষ অভিযান চালানো হয়েছে। এর মধ্যে কিছু অভিযানের কথা আমরা প্রকাশ্যে বলতে পারি। জয়ের পর প্রকাশ্যে উল্লাস করতে পারি। তবে সব অভিযানের কথা বলা যায় না।’ তিনি বলেন, এর অনেকগুলোর মধ্যে একটি গত বছরের ৮ অক্টোবরের ক্রিমিয়া সেতু ধ্বংসের অভিযান।

ক্রিমিয়া ইউক্রেনের ভূখন্ড। ২০১৪ সালে এটি দখল করে নেয় রাশিয়া। এর পরপরই ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় মস্কো। চার বছরের মাথায় চালু করা হয় কের্চ সেতু। ১৯ কিলোমিটার দীর্ঘ ক্রিমিয়া সেতু নামেও এই স্থাপনা পরিচিত। ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। এটি দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহ রুট এটি। গত বছরের অক্টোবরের ওই হামলায় তিনজন নিহত হয়েছিলেন। এ ছাড়া হামলায় সেতুর স্প্যান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads