আমরা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করিনি: পুতিন
শনিবার রুশ প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করে বলেছেন, আফ্রিকা ও চীনের প্রস্তাব ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। কিন্তু ইউক্রেনের হামলা এ উদ্যোগ বাস্তবে রূপ দেওয়া কঠিন করে তুলছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া সম্মেলনে আফ্রিকান নেতদের ইউক্রেন শান্তি প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানের পর এক সংবাদ সম্মেলনে পুতিন একথা বলেন।
চীনের প্রস্তাবও শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করতে পারে উল্লেখ করে পুতিন বলেন, কিন্তু ইউক্রেন হামলা চালাতে থাকায় যুদ্ধবিরতি করা কঠিন হচ্ছে।
শান্তি আলোচনা শুরুর প্রশ্নে পুতিন বলেন, “আমরা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করিনি। এই প্রক্রিয়া শুরু হতে দুই পক্ষেই সমঝোতা হওয়া দরকার।”
শনিবার রাতে সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনের ফ্রন্টে আপাতত জোরাল কোনও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তার নেই।
ইউক্রেন ও রাশিয়া উভয়ই এর আগে বলেছিল, কিছু পূর্বশর্ত ছাড়া তারা আলোচনার টেবিলে আসবে না। ইউক্রেন চায় ১৯৯১ সালে তাদের সীমানা যেমন ছিল সেটিই পুনর্বহাল হোক। মস্কো বলছে, আলোচনার জন্য কিয়েভকে তার দেশের ‘নতুন ভূখন্ডগত বাস্তবতা’ মেনে নিতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি