ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদিতে শান্তি আলোচনা ৫ বা ৬ আগষ্ট
ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী সপ্তাহের শেষের দিকে শান্তি আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য এ আলোচনা অনুষ্ঠিত হবে। ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, সৌদি শান্তি আলোচনায় ইউক্রেনের ১০ দফা শান্তি ফরমুলা নিয়ে আলোচনা করা হবে। যাতে ইউক্রেনের ভুখন্ড থেকে সব রাশিয়ান সৈন্য সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।
সৌদি আরবের জেদ্দায় ৫ বা ৬ আগষ্ট এ শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। বিভিন্ন পশ্চিমা দেশ, জাপান ও ইউক্রেনসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন। তবে এ আলোচনায় কোন দেশের কতজন প্রতিনিধি অংশ নেবেন, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এ আলোচনায় রাশিয়া অংশ নেবে কি না, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, তিনি শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছেন না। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে পুতিন আরও বলেন, ইউক্রেনের সেনারা আক্রমণ চালিয়ে যাচ্ছেন। তাই কোনো যুদ্ধবিরতি হতে পারে না।
ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানায়, জেদ্দা আলোচনায় আমন্ত্রিত দেশ ৩০টি। এগুলোর মধ্যে রয়েছে চিলি, মিসর, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোলান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাম্বিয়া। তবে রাশিয়াকে আমন্ত্রন জানানো হয়নি।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই শান্তি আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। যদিও দেশটি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দু’দেশের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে একদিকে যেমন জাতিসংঘে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, অন্যদিকে বিশ্ববাজারে তেল রপ্তানির নীতির বিষয়েও রাশিয়ার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছে সৌদি আরব।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। ১৭ মাস ধরে এ যুদ্ধ চলছে। সম্প্রতি ইউক্রেন পাল্টা হামলা শুরু করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি