ইরানে আরও কঠোর হচ্ছে হিজাব আইন, তদারকিতে থাকবে এআই
ইরানে নারীদের হিজাব পরা নিশ্চিত করতে আরও কঠোর আইন প্রস্তাব করা হয়েছে। এ আইনের আওতায় সব ধরনের নজরদারি বাড়ানো হতে পারে। সে ক্ষেত্রে নজরদারিতে ব্যবহার করা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এ আইন অমান্য করলে দীর্ঘ সময় কারাগারে কাটাতে হতে পারে।
খসড়া বিলটির ৭০ ধারায় বেশ কিছু সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, ইরানে যে নারী হিজাব পরতে অস্বীকৃতি জানাবেন, তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেওয়া হবে। আইন ভঙ্গকারী তারকা ও ব্যবসায়ীদেরও কঠোর শাস্তি দেওয়া হবে। সেই সঙ্গে পোশাকনীতি অমান্যকারীদের খুঁজে বের করতে এআই ব্যবহারের বিধান রাখা হয়েছে।
গত বছর হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে ইরানে নীতি পুলিশের হাতে আটক হয়েছিলেন মাসা আমিনি নামের এক নারী। পরে পুলিশি হেফাজতে ২২ বছরের এই কুর্দি তরুণী মারা যান। এ মৃত্যু ঘিরে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ। বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেওয়া মাসা আমিনির মৃত্যু ও বিক্ষোভ শুরুর প্রথম বর্ষপূর্তির মাস দেড়েক বাকি। এর আগে হিজাব নিয়ে নতুন আইনের বিলের খসড়া নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
আপাতত বিলটি খসড়া পর্যায়ে রয়েছে। এখনো পাস হয়নি। বিশ্লেষকেরা বলছেন, এ বিল ইরানিদের জন্য সরকারের একটি সতর্কবার্তা। সরকার এটিই প্রমাণ করতে চায়, গত বছরের ব্যাপক বিক্ষোভের পরও হিজাবসংক্রান্ত নীতির বিষয়ে সরকার পিছপা হবে না।
চলতি বছরের শুরুর দিকে ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে বিলের খসড়া সরকারের কাছে জমা দেওয়া হয়। পরে তা আইনসভায় পাঠানো হয়। আইনসভার লিগ্যাল অ্যান্ড জুডিশিয়াল কমিশন বিলটি অনুমোদন করে। গত রোববার এ বিল বোর্ড অব গভর্নরে জমা দেওয়া হয়েছে। এরপর বিলটি আইনসভায় পাসের জন্য উত্থাপন করা হবে বলে ১ আগস্ট এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম মেহের।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে বিলটি ইরানের আইনসভায় পাস হতে পারে। এ বিষয়ে লন্ডনভিত্তিক থিঙ্কট্যাংক চাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক সানাম ভাকিল বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছিল, সেটার বিরুদ্ধে দেশটির সরকারের বড় প্রতিক্রিয়া এ বিল। এর মধ্য দিয়ে ইরান সরকার নারীদের পর্দা করার রক্ষণশীলতার ওপর জোর দিচ্ছে।
মাসা আমিনির মৃত্যুর জেরে তুমুল বিক্ষোভের মুখে ইরানের নীতি পুলিশের কার্যক্রম কার্যত স্থবির হয়ে ছিল। তবে ইরান সরকার নীতি পুলিশের কার্যক্রম গুটিয়ে নেয়নি। এ বিষয়ে গত মাসের শুরুর দিকে ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মনতাজেরোল মাহদি বলেন, নারীদের পোশাকের বিধান নিয়ে তদারকি কার্যক্রম আবারও শুরু করবে নীতি পুলিশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি