ইউক্রেনে বিমান কারখানা, ব্লাড ব্যাংকে ক্ষেপনাস্ত্র হামলা
কৃষ্ণসাগরে রুশ ট্যাংকারে নৌ ড্রোন হামলার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের সরকারি বিমান কোম্পানি মোটোর সিচ এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের ব্লাড ব্যাংকে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার সন্ধ্যায় পৃথক দু’টি ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্রথম ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আজ শত্রু বাহিনী আমাদের সামরিক অবকাঠামোর ওপর আরও একটি বড় ধরনের হামলা চালিয়েছে। তারা মোটোর সিচের কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে।’ ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেমেলিনৎস্কিতে অবস্থিত এই কারখানাটিতে সামরিক ও বেসামরিক বিমান ও হেলিকপ্টারের ইঞ্জিন ও যন্ত্রাংশ তৈরি হতো। কৌশলগত কারণে ইউক্রেনের কাছে এই কারখানাটি বেশ গুরুত্বপূর্ণ। জেলেনস্কি বলেন, মোটর সিচের কারখানটি লক্ষ্য করে বেশ কিছু শব্দের চেয়ে দ্রুতগামী (হাইপারসনিক) কিনঝাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।
শনিবার রাত ১০ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই ভিডিওবার্তাটি পোস্ট করার দেড় ঘণ্টা পর, সাড়ে ১১ টার দিকে আরও একটি ভিডিওবার্তা পোস্ট করেন জেলেনস্কি। এই বার্তায় তিনি জানান, ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন সেন্টারেও (বিতরণ কেন্দ্র) বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। গাইডেড এয়ার বোমা হামলায় অনেকে হতাহত হয়েছেন বলে জানতে পেরেছি। হামলাকারীরা যে কতটা নিষ্ঠুর তা আরও একবার প্রমাণিত হলো।
উল্লেখ্য গত শুক্রবার ও শনিবার কৃষ্ণসাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। রাশিয়া ওই হামলার প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা করেছিল। ওই হামলার পরপরই ইউক্রেনের এই দু’টি অবকাঠামোতে পাল্টা হামলা চালাল রুশ বাহিনী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি