রুশ হামলায় ইউক্রেনে শিশুসহ ৭ বেসামরিক নিহত
রোববার দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের দুটি গ্রামে গোলাবর্ষণ করেছে রাশিয়ান বাহিনী। এতে একটি ২৩ দিনের শিশুসহ সাতজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, শায়রোকা বালকা গ্রামে হামলায় এক দম্পতি, তাদের ২৩ দিনের শিশু এবং অন্য একজন নিহত হয়েছেন। এছাড়া ওই দম্পতির ১২ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায়।
ক্লাইমেনকো আরো জানান, পার্শ্ববর্তী স্ট্যানিস্লাভ গ্রামে ১২ বার কামানের গোলা আঘাত হানে। এতে দুজন নিহত এবং একজন আহত হন।
স্বরাষ্ট্রমন্ত্রী টেলিগ্রাম পোস্টে ক্ষতিগ্রস্ত বাড়ির একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, সন্ত্রাসীরা কখনই স্বেচ্ছায় বেসামরিক মানুষকে হত্যা করা বন্ধ করবে না। সন্ত্রাসীদের থামাতে হবে বল প্রয়োগ করে। তারা আর কিছু বোঝে না।
এদিকে ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী নগরী ওডেসার বেশ কয়েকটি সমুদ্র সৈকত দর্শণার্থী ও সাঁতারুদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দিয়েছে জেলেনস্কি প্রশাসন। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম সৈকতগুলো খুলে দিলো কর্তৃপক্ষ।
তবে যখন আকাশ হামলার সতর্কতা জারি থাকবে ওই সময়ে সৈকতে গোসল করা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি