পাকিস্তানের শুক্কুরে সিনিয়র সাংবাদিককে গুলি করে হত্যা
রোববার রাতে শুক্কুর জেলায় কুইন্স রোডে সেইন্ট সেভিয়র স্কুলের কাছে মোটরসাইকেলে করে সশস্ত্র কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে সিনিয়র সাংবাদিক জান মোহাম্মম মেহেরের গাড়ি। এ সময় মেহের তার গাড়িতেই ছিলেন। তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। মেহেরের মাথা ও চোখের কাছে বেশ কয়েকটি বুলেট বিদ্ধ হয়। এরপর হাসপাতালে অস্ত্রোপচারের সময় মেহের মারা যান।
জান মোহাম্মদ মেহের সিন্ধির একটি বেসরকারি পত্রিকা ও এর টিভি চ্যানেলে কাজ করছিলেন।
পুলিশ বলেছে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার অবস্থা ছিল সংকটজনক। হাসপাতাল সূত্র বলেছেন, অপারেশন করে গুলি অপসারণের সময়ই তিনি মারা যান। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশের এসএসপি সিঙ্গহার মালিক বলেন, পুরনো কোনো শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু করেছে পুলিশের তিনটি দল। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।
মেহরকে হাসপাতালে নিয়ে যান রিপোর্টার আনাস ঘাঙ্গরো। তিনি বলেন, অফিস থেকে বাসায় ফিরছিলেন মেহের। রোববার রাত ৯টায় অফিস থেকে বের হবার ৫ মিনিট পরই তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন।
ঘটনাস্থলে যাতে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে না আসতে পারেন সেজন্যে হামলার পর তারা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
গত ৭ আগস্ট পাকিস্তানের খাইরপুর জেলার পির জো গোথ এলাকায় গোলাম আসগর খন্দ নামে একজন রিপোর্টারকে গুলি করে হত্যা করা হয়। তার দেহে ৯টি গুলি বিদ্ধ হয়েছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি