শিবমন্দির ধসে ভারতের শিমলায় নিহত ৯
ভারতের গণমাধ্যম এই ধসের কারণ হিসেবে জানিয়েছে, ৪৮ ঘন্টা ধরে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত সিমলা।
সোমবার (১৪ আগস্ট) সকালে দুর্ঘটনাটি যখন ঘটে, তখন ওই শিবমন্দিরে অন্তত ৫০ জন দর্শণার্থীর জমায়েত ছিল। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী টুইট করে এই দুঃসংবাদ জানান। তিনি লিখেছেন , ‘এখনও পর্যন্ত ৯টি মরদেহ উদ্ধার করা গিয়েছে। তবে আরও অনেকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজও চলছে।’
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার সকালেই শিমলার সামার হিলে এই দুর্ঘটনা ঘটে। সেখানকার শিবমন্দিরের একটি অংশ আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে। ভেঙে পড়া কংক্রিটের নীচে চাপা পড়ে অনেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকালে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর দপ্তর থেকে জানানো হয়, মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের সোলানে ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে সোলানের জাডোন গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। দ্রুত উদ্ধার কাজ শুরু করে ছ’জনকে বাঁচানো গেলেও সাত জনের মৃত্যু হয়। এর পরেই সামারহিলে মন্দির ভেঙে পড়ার ঘটনায় হিমাচলে গত কয়েক দিনের বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১।
শুধু সিমলা নয় হিমাচল প্রদেশ জুড়েই বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় নেমেছে ধস। বন্ধ হয়ে গিয়েছে বহু রাস্তা। বৃষ্টির জেরে সোমবার অর্থাৎ ১৪ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয় রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। আটকে পড়েছেন বহু পর্যটকও।
প্রশাসন থেকে বিপাশা নদীর ধারে যাওয়ার ব্যাপারে কড়া সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর বলেছে বৃষ্টি বিধ্বস্ত হিমাচল প্রদেশে ঝড়বৃষ্টি চলবে ১৭ আগস্ট পর্যন্ত। তবে বৃষ্টি পুরোপুরি থামতে ১৯ আগস্ট হতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি