চাঁদে বিধ্বস্ত রুশ মহাকাশযান লুনা-২৫
রুশ মহাকাশ সংস্থা রসকসমস রোববার এই খবর জানিয়েছে। সোমবার চাঁদে নামার কথা ছিল রাশিয়ার যানের।
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস রোববার সকালে জানিয়েছে, ‘শনিবার ১৯ আগস্ট বিকাল ২টা ৫৭ মিনিটে লুনা-২৫ -এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে যায় চন্দ্রযানটি। পরে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে গেছে।’
আনন্দবাজার জানায়, সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে রুশ মহাকাশযানের সফল অবতরণ হলে নতুন ইতিহাস সৃষ্টি হত। কারণ, ওই দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশের মহাকাশযানের সফল অবতরণ হয়নি।
শনিবার রুশ মহাকাশযানকে ঘিরে সংশয় তৈরি হয়েছিল। আর এক ধাপ পেরোলেই মহাকাশযানটি চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত। শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগে জরুরি পরিস্থিতির মুখোমুখি হয় লুনা-২৫। এর ফলে নির্দিষ্ট পরিমাপ এবং পরিকল্পনা অনুযায়ী তাকে কক্ষপথে পৌঁছে দেওয়া যায়নি। নির্ধারিত গতির থেকে বেশি গতিতে ছুটে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে। গত ৪৭ বছরে এই প্রথম চন্দ্রাভিযানে শামিল হয়েছিল রাশিয়া। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি