মণিপুরে অনির্দিষ্টকাল পথ অবরোধের ডাক
কুকি-জো জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জনজাতি এলাকায় প্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। দাবি মানা না হলে নাগাল্যান্ডের বাণিজ্যকেন্দ্র ডিমাপুরের সঙ্গে মণিপুরের রাজধানী ইম্ফলের সংযোগ রক্ষাকারী জাতীয় সড়ক-২ অবরোধ করে বিক্ষোভ শুরু হবে বলে জানিয়েছে কয়েকটি জনজাতি সংগঠনের যুক্তমঞ্চ ‘জনজাতি ঐক্য কমিটি’ (সিওটিইউ)। বিবৃতিতে বলা হয়েছে, ‘যতদিন পর্যন্ত না পরিস্থিতি বদলায়, ততদিন অবরোধ চলবে।’
প্রতিবেদনে বলা হয়েছে, কট্টরপন্থী জনজাতি সংগঠন ‘কুকি-জো ডিফেন্স’ ফোর্স আগামী ২৬ আগস্ট থেকে অনির্দিষ্ট কালের পথ অবরোধের ঘোষণা করেছে সোমবার। এর আগে সিওটিইউ-র সম্পাদক লামিনলুন সিংসিট গত ১৭ আগস্ট অভিযোগ তুলেছিলেন, জনজাতি এলাকাগুলিতে খাদ্য, ওষুধ-সহ নানা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনমতো সরবরাহ করা হচ্ছে না। পরিস্থিতির বদল না হলে তিন দিন পরে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানিয়েছিলেন তিনি। সেই ‘চরম সময়সীমা’ শেষ হওয়ার পরেই সোমবার বেশ কিছু এলাকায় শুরু হয়েছে অবরোধ।
গত সপ্তাহে কুকি-জো জনজাতি গোষ্ঠীর মহিলারা দিল্লিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন। তাদের অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকার গোষ্ঠীসহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে, তা জনজাতি অধ্যুষিত এলাকায় ঠিকভাবে বণ্টন করছে না মেইতেই প্রভাবিত মণিপুর সরকার। তাই নিরপেক্ষ ভাবে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের কাজ তদারকির জন্য জনজাতি অধ্যুষিত জেলাগুলির জন্য পৃথক প্রশাসন প্রয়োজন। সেই সঙ্গে, মণিপুরের বিজেপি সরকারের বিরুদ্ধে জনজাতি অধ্যুষিত পাহাড়ের জেলাগুলিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহণে সহযোগিতা করা হচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন বিক্ষোভকারীরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি