রুশ জেনারেল সুরোভিকিন বরখাস্ত
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের সাবেক কমাণ্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে দেশটির বিমানবাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
ভাগনারপ্রধানের স্বল্পমেয়াদী বিদ্রোহের পর থেকে সুরোভিকিনকে জনসমক্ষে দেখা যায়নি। রাশিয়ার নিয়মিত বাহিনীর শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে জেনারেল সুরোভিকিনকে দেশটির ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বিবেচনা করা হতো।
রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করেছে ভাগনারের সেনারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিলেন ভাগনারপ্রধান। এই অসন্তুষ্টি থেকে তিনি গত জুন মাসের শেষ দিকে বিদ্রোহ করেন। ইউক্রেন সীমান্ত থেকে মস্কো অভিমুখে ভাগনার সেনাসহ যাত্রা করেন তিনি। পরে বেলারুশের মধ্যস্থতায় অভিযাত্রা বন্ধ করেন তিনি।
রাশিয়ার অধুনালুপ্ত একটি রেডিও স্টেশনের সাবেক প্রধান সম্পাদক আলেক্সি ভেনেডিকটভ মঙ্গলবার তাঁর টেলিগ্রাম চ্যানেলে এক সরকারি ডিক্রির বরাত দিয়ে বলেন, সুরোভিকিনকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। তবে তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত থাকবেন।
সরকারি ডিক্রিটি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি