রাশিয়ায় কারাবাসের মেয়াদ বাড়ল মার্কিন সাংবাদিকের

 রাশিয়ায় গত মার্চে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা যুক্তরাষ্ট্রের সাংবাদিক ইভান গের্শকোভিচকে কারাবাসের মেয়াদ আপাতত তিন মাস বাড়িয়েছেন মস্কোর এক আদালত।

৩১ বছর বয়সী গের্শকোভিচকের এখনো বিচার শুরু হয়নি। মার্চে ইয়েকাতেরিনবুর্গ শহরে আটক হওয়ার পর থেকেই তিনি কারাবন্দি।

পুলিশের অভিযোগ, তিনি গোয়েন্দাগিরি করছিলেন। গের্শকোভিচ এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার কর্মস্থল ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃপক্ষও দাবি করেছে, তাদের হয়ে সাংবাদিকতা করতেই সেই শহরে গিয়েছিলেন গের্শকোভিচ। কিন্তু তাতে পুতিনের দেশে কারাজীবনের অবসান হয়নি।

সাদা প্রিজন ভ্যানে করে বৃহস্পতিবার মস্কোর লেফোটোভস্কি আদালতে নেওয়া হয় ইভান গের্শকোভিচকে। হাতকড়া পরানো হলেও জিন্সের প্যান্ট আর স্নিকার পরা অবস্থায় স্বাভাবিকই মনে হচ্ছিল তাকে। আদালত আটকাদেশের মেয়াদ আরো তিন মাস বাড়ানোয় আবার লেফোরটোভো কারাগারে ফিরে যান গের্শকোভিচ।

লেফোরটোভো কারাগারের কয়েদিদের সঙ্গে অতি ‘রুক্ষ’ আচরণের কুখ্যাতি রয়েছে।

সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে গোয়েন্দা সংস্থা কেজিবি যাদের আটক করতে, তাদের নেওয়া হতো এই কারাগারে। গের্শকোভিচের সঙ্গে অবশ্য কোনো অন্যায় আচরণের অভিযোগ ওঠেনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads