ইসরায়েলি মন্ত্রীর সাথে বৈঠকের অভিযোগে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর রোববার (২৭ আগস্ট) লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরুরও ঘোষণা দিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। সোমবার (২৮ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
লিবিয়া ও ইসরায়েলের মধ্যে কোন আনুষ্ঠানিক সম্পর্ক না থাকার পরও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠক করেন। এই বৈঠকের বিষয়ে ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহের ওই বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকের খবর প্রকাশের পর লিবিয়ায় ছোট আকারে বিক্ষোভ হয়েছে।
লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নাজলা মাঙ্গুশ ইসরায়েলের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং যা ঘটেছে তা হলো- ‘ইতালির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ে একটি বৈঠকের সময় অপ্রস্তুত, অপ্রত্যাশিত সাক্ষাৎ।’
লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রালয়ের এই বিবৃতিতে আরও বলা হয়েছে, (ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে) আকস্মিক সেই সাক্ষাতে ‘কোনও আলোচনা, চুক্তি বা পরামর্শ’ অন্তর্ভুক্ত ছিল না। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ‘স্বাভাবিকীকরণকে সম্পূর্ণ প্রত্যাখ্যান’ করেছে দেশটির মন্ত্রণালয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি