বিমানে ত্রুটি : দিল্লিতে আরও একরাত থাকতে হলো ট্রুডোর

বিশ্বের বিকাশমান ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০’র শীর্ষ সম্মেলন শেষে রোববারই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও অতিথিরা ভারতের রাজধানী নয়াদিল্লি ত্যাগ করেন। তবে ব্যতিক্রম হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিমানে ত্রুটি দেখা দেওয়ায় তিনি ও তার প্রতিনিধিদলকে ভারতে আরও এক রাত অবস্থান করতে হলো। 

এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর কানাডার সশস্ত্র বাহিনী আমাদের জানিয়েছে যে, প্রধানমন্ত্রীকে বহনকারী সিএফসি-০০১ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এই সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তাই বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দলকে ভারতে অবস্থান করতে হয়।

জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান জাস্টিন ট্রুডো। 

ট্রুডো এবং তার প্রতিনিধি দলকে বহনকারী এয়ারবাসে এবারই প্রথম যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বিষয়টি সেরকম নয়। কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজের মতে, ২০১৬ সালের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান উড্ডয়নের ৩০ মিনিট পর অটোয়ায় ফিরে যেতে বাধ্য হয়। ওই সময় ট্রুডোকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ২০১৯ সালের অক্টোবরেও অন্টারিওর বিমানবন্দরের দেয়ালে ট্রুডোর ভিআইপি বিমান আঘাত করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads