ভারতের মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাইডেন 

জি২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে ভারত সফর সেরে ভিয়েতনামে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে পৌঁছেই সাংবাদিক প্রশ্নের জবাবে বাইডেন জানিয়েছেন, জি২০তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে পার্শ্ব বৈঠক হয়েছে, সেখানে ভারতে মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গটিও তুলেছেন তিনি।

তার কথায়, ‘আমি এটা সব সময়েই করি। মানবাধিকার, নাগরিক সমাজের গুরুত্ব এবং সংবাদপত্রের স্বাধীনতা একটা মজবুত ও সমৃদ্ধশালী দেশ গড়তে সব সময়ে কার্যকরী। এই কথাটা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনায় বলেছি।’

হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য ভারতের ঘরোয়া রাজনীতিতে কংগ্রেস লুফে নিয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘না প্রেস কনফারেন্স করুঙ্গা, না করনে দুঙ্গা’-র কোনও প্রভাব রইল না।’ আসলে বাইডেনের ভারত সফরের সময়ে মোদী-বাইডেন যৌথ সংবাদ সম্মেলনের ব্যাপারে আগ্রহ ছিল ওয়াশিংটনের। কিন্তু সূত্রের মতে, মোদী সরকার তাতে রাজি হয়নি। কংগ্রেস নেতাদের মতে, এর কারণ হল যে মোদীর আশঙ্কা ছিল, ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে তিনি যেমন অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েছিলেন, এবারও তা হতে পারত। সেই কারণে জয়রাম রমেশ খোঁচা দিয়ে বলেছেন, প্রেস কনফারেন্স না করেও পার পাওয়া গেল না।

শুধু বাইডেন নয়, এর আগে ভারত সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ভারতে সংখ্যালঘুদের সুরক্ষার প্রশ্নটি তুলেছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি একটি সংবাদ সম্মেলনেও ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মোদীকে ভাল করে চিনি। আমার যদি ওঁর সঙ্গে কথা হত, তাহলে আলোচনার অন্যতম বিষয় হত ভারতে সংখ্যালঘু মুসলিমদের অধিকার ও সুরক্ষা। কারণ, প্রবল আশঙ্কা রয়েছে যে ভারত ভেঙে টুকরো টুকরো হতে পারে।’ ওবামার কথায়, ‘গণতান্ত্রিক দেশের এরকম অভ্যন্তরীণ সংঘাতের পরিবেশ থাকলে কী পরিণাম হতে পারে আমরা দেখেছি। সেটা ভারতের স্বার্থের পরিপন্থী হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads