৪৮ ঘণ্টা আটকে থাকার পর ভারত ছাড়লেন জাস্টিন ট্রুডো

ভারতে আয়োজিত অর্থনৈতিক জোট জি-২০ সম্মেলন শেষে বিড়ম্বনায় পড়েন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সব বিশ্বনেতারা ভারত ছেড়ে গেলেও নিজস্ব উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিন নয়াদিল্লিতেই অবস্থান করতে হয় তাকে। বিকল্প উড়োজাহাজ আসার কথা জানা গেলেও পরে ক্রুটি সারিয়ে উড্ডয়ন উপযোগী ঘোষণা করা হয় ট্রুডোর চাটার্ড বিমানটিকে। 

স্থানীয় সময় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় কানাডার উদ্দেশে ভারত ছাড়েন ট্রুডো। বিষয়টি নিশ্চিত করেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। 

জানা গেছে, গত রোববার বিকেলে প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর হোটেলে ফিরতে হয় ট্রুডোকে। এরপর বিকল্প প্লেনের অপেক্ষায় ছিলেন তিনি। তবে দ্বিতীয় প্লেনটি সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও পরে এটি যুক্তরাজ্যে মোড় নেয়। 

এর আগে ট্রুডোর অফিস থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর বিশেষ প্লেনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তা দ্রুততম সময়ে সারানোর চেষ্টা করা হচ্ছে। এজন্য স্পেয়ার পার্টস নিয়ে কানাডা থেকে একটি ব্যাক আপ প্লেন ভারতে যাচ্ছে। তা দিয়ে প্লেনটি সারানোর চেষ্টা করা হবে। তবে সারানো না গেলে ব্যাকআপ প্লেনেই দেশে ফিরবেন ট্রুডোরা।

ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন, কানাডায় ভারতবিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে। মোদী এখানে খালিস্তানপন্থিদের বিক্ষোভের কথাই বলছেন। এই ইস্যুতে ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অভিযোগ করেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। সফরকালে মোদী ও ট্রুডোর মধ্যে কোনো বৈঠক হয়নি। তবে দুজন জি-২০’র সাইডলাইনে কিছুক্ষণ কথা বলেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads