রাফাহতে সর্বাত্মক হামলা চালিয়ে হামাসকে নির্মূল করা যাবে না: ব্লিংকেন
গাজার রাফাহ শহরে ইসরায়েল সর্বাত্মক হামলা চালিয়ে হামাসকে নির্মূল করতে পারবে না বরং এটি অরাজকতা উস্কে দেবে।
রাফায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচারণা জোরদারের প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন রোববার এ কথা বলেছেন।
পৃথকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবির সাথে টেলিফোনে আলাপকালে রাফাহ অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে।
হোয়াইট হাউস আরো বলেছে, ইসরায়েল মার্কিন উদ্বেগকে বিবেচনায় নিচ্ছে বলে জাচি হানেগবি নিশ্চিত করেছেন।
এদিকে রাফাহ নগরীর পূর্বাঞ্চলে ইসরায়েলের বোমা হামলার কারণে ইতোমধ্যে তিন লাখ গাজাবাসীকে ওই এলাকা থেকে সরে যেতে হয়েছে।
প্রেক্ষাপটে সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, ‘বেসামরিক জনগণকে রক্ষায় আরও পদক্ষেপ নিতে এবং রাফাহ নগরীতে সর্বাত্মক আক্রমণ শুরু না করতে মার্কিন প্রশাসন ইসরায়েলের ওপর ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে । প্রেসিডেন্ট বাইডেন একারণেই ৩৫০০ উচ্চ ক্ষমতার বোমার একটি চালান স্থগিত রেখেছেন।’
তিনি আরও বলেছেন, রাফাহ’তে পূর্ণ মাত্রার অভিযানে অবিশ্বাস্য রকমভাবে হতাহতের ঘটনা ঘটবে। এমনকি রাফাহ’তে ব্যাপক অভিযান চালানো হলেও হামাসের হুমকিকে শেষ করা যাবে না।
মার্কিন এই কূটনীতিক আরও বলেছেন, হামাস জঙ্গিরা ইতোমধ্যে উত্তর গাজার কিছু এলাকায় ফিরে এসেছে যা ইসরাইল মুক্ত করেছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ব্লিংকেন রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের সাথে রাফাহ’তে ব্যাপকভাবে স্থল অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টি পুনর্ব্যক্ত
করেছেন।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও হামাসের কাছে ১২৮ জন জিম্মি হিসেবে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি