গাজা থেকে ১৭ আমেরিকান ডাক্তারকে উদ্ধার করা হয়েছে : হোয়াইট হাউস
কারেম শলোম ক্রসিং দিয়ে শুক্রবার গাজায় আটকে পড়া এসব ডাক্তারকে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে উদ্ধার করা হয়।
মার্কিন জাতীয় নিরাপত্তা জন কিরবি সাংবাদিকদের বলেন, ২০ আমেরিকান ডাক্তারের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনুসের কাছে ইউরোপিয়ান হাসপাতালের মেডিকেল মিশনের অংশ হিসেবে এসব ডাক্তার ও মেডিকেল কর্মী সেখানে কর্মরত ছিলেন। গাজার মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হলেন এসব ডাক্তার।
এপি জানায়, মে মাসের প্রথম দিক থেকে এ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন ৩৫ জন বিদেশি ডাক্তার। তার মধ্যে ২২ জন হলেন মার্কিন ডাক্তার। গাজার যে কয়টা হাসপাতাল চালু ছিল সেখানে রোগীদের চিকিৎসা দেয়ার জন্য তারা সুটকেস ভর্তি ওষুধ নিয়ে গাজায় গিয়েছিলেন।
আইসিইউ বিশেষজ্ঞ ডাক্তার আম্মার গানিম বলেন, ‘তারা যেমনটি ভেবেছিলেন গাজার পরিস্থিতি তার চেয়েও ভয়ংকর। আপনারা খবর শুনেন কিন্তু সেখানকার পরিস্থিতিয়ে কতটা খারাপ তা কল্পনাও করতে পারবেন না।’
তবে গত ৬ মে ইসরায়েলি সেনারা রাফাহতে স্থল হামলা শুরু করলে এসব ডাক্তার দেখতে পান যে, তারা সেখানে আটক পড়ে গেছেন। ওই হামলার মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ ক্রসিংয়ের গাজার অংশের নিয়ন্ত্রণ দখল করে নেয়। রাফাহ ক্রসিং বন্ধের ফলে বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা।
জাতিসংঘ উদ্বাস্তু সংস্থার হিসেবে রাফাহতে ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন যার মধ্যে সাড়ে ৬ লাখ ফিলিস্তিনি ইসরায়েলি স্থল হামলার পর সেখান থেকে পালিয়ে গেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানোর পরও তা উপেক্ষা করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি