মিউনিখ বিমানবন্দরে বিক্ষোভকারী ৮ জলবায়ুকর্মী আটক, ৬১ ফ্লাইট বাতিল

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃর্তপক্ষের ওপর চাপ তৈরি করতে জার্মানির মিউনিখ বিমানবন্দরের একটি রানওয়েতে জড়ো হয়ে শনিবার ভোরে বিক্ষোভ করেন জলবায়ুকর্মীরা। 

মিউনিখ বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, ‘লাস্ট জেনারেশন’ নামের জলবায়ুবিষয়ক একটি সংগঠনের কর্মীরা দেশটির দ্বিতীয় ব্যস্ততম এই বিমানবন্দরের বেড়া কেটে রানওয়েতে ঢুকে পড়েন। এরপর তারা সেখানে আঠা দিয়ে নিজেদেরকে রানওয়ের সঙ্গে আটকে ফেলেন। এ সময় বিশৃঙ্খলা দেখা দেয়। এরফলে উড্ডয়ন ও অবতরণের উল্লিখিত ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পুলিশ স্থানীয় সরকারি সম্প্রচারমাধ্যমকে জানায়, বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার পর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের দুটি রানওয়েই চালু করা সম্ভব হয়। দেশটিতে একটি লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। তাই পর্যটকদের জন্য এটি ছিল একটি ব্যস্ততম দিন।

জলবায়ু সংকট মোকাবিলায় কর্তৃপক্ষকে বাধ্য করতে নানা নজরকাড়া কর্মসূচি দিয়ে ইতিমধ্যে আলোচিত হয়েছে লাস্ট জেনারেশন। এর আগে তারা নিজেদের বিভিন্ন সড়কে আঠা দিয়ে আটকে রেখে বিক্ষোভ করেছেন। 

জার্মানির পরিবহনমন্ত্রী ফলকার ভিসিং লাস্ট জেনারেশনের কর্মসূচির সমালোচনা করে বলেছেন, এ বিক্ষোভ ন্যায্য ছিল না। বরং বিমান চলাচলকে বিঘ্নিত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করা হয়েছে। চলমান আইনে গ্রেপ্তার ব্যক্তিদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লাস্ট জেনারেশন জনগণকে বিমানে চড়তে নিরুৎসাহিত করার বিষয়ে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় সরকারের সমালোচনা করেছে। তারা মনে করে, বিমান চলাচল পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাই–অক্সাইড নিঃসরণের বড় উৎস। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

Walton Ads