পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই পুত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তাদের বাবার মুক্তির আবেদন জানিয়েছেন। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি অবস্থায় রয়েছেন।
ইমরান খানের ২৭ বছর বয়সী পুত্র সুলেমান খান ও ২৬ বছর বয়সী কাসিম খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, "আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় বাবার মুক্তির জন্য পদক্ষেপ নিক। এই বিষয়ে ট্রাম্পের চেয়ে বড় কেউ নেই।" উভয় পুত্রই তাদের মা জেমাইমা গোল্ডস্মিথের সাথে লন্ডনে বসবাস করেন।
ইমরান খান ২০২৩ সাল থেকে তোশাখানা দুর্নীতি মামলায় কারাবন্দি। তার দল তেহরিক-ই-ইনসাফ দাবি করে, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পুত্র কাসিম বলেন, "বাবাকে মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। জেলে আলো নেই, পর্যাপ্ত চিকিৎসা নেই, এমনকি আইনজীবীর সাথে দেখা করারও সুযোগ দেওয়া হয় না।"
সুলেমান খান যোগ করেন, "আমরা ট্রাম্প প্রশাসনের কাছে বাকস্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে সমর্থন চাইছি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে তিনি আমাদের বাবার মুক্তিতে ভূমিকা রাখতে পারেন।"
ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথও পূর্বে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ইমরানের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, ইমরানকে অন্ধকার সেলে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দেওয়া হয় না।
এই আবেদনের প্রেক্ষিতে মার্কিন প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক চাপ বাড়লে পাকিস্তান সরকার ইমরান খানের বিষয়ে নমনীয় হতে বাধ্য হতে পারে।