ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি বলেন, “আমাদের একটি চিকেন নেক আছে, কিন্তু বাংলাদেশের আছে দুটি। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেক আক্রমণ করে, তাহলে আমরা বাংলাদেশের দুটি কেটে দেব। মেঘালয় সীমান্তের পাশে যেটি আছে, সেটি তো আরও চিকন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হিমন্তর এই মন্তব্য বাংলাদেশের অস্থায়ী সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করেই করা হয়েছে। হিমন্ত বলেন, চট্টগ্রাম বন্দর থেকে মূল ভূখণ্ডে সংযোগকারী করিডোর এবং রংপুর বিভাগের দক্ষিণে মেঘালয় সীমান্তবর্তী করিডোর ভারতের দৃষ্টিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

বিতর্কের সূচনা হয় যখন চীনে সফরকালে মুহাম্মদ ইউনূস মন্তব্য করেন, “ভারতের উত্তর-পূর্ব সাতটি রাজ্য সমুদ্র থেকে বিচ্ছিন্ন, যা চীনের জন্য একটি অর্থনৈতিক সুযোগ।” ভারত এই বক্তব্যকে হুমকিস্বরূপ মনে করে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন বাংলাদেশের সাবেক মেজর জেনারেল এ.এল.এম ফজলুর রহমান সামাজিক মাধ্যমে লেখেন, “যদি ভারত পাকিস্তানে হামলা করে, বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করতে পারে। এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক চুক্তি হওয়া উচিত।”

‘চিকেন নেক’ বলতে বোঝানো হয় ভারতের সিলিগুড়ি করিডোর, যা মূল ভূখণ্ডকে উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। অনুরূপভাবে বাংলাদেশের দুটি সংকীর্ণ করিডোরকেও একই ধরনের কৌশলগত অঞ্চল হিসেবে আখ্যায়িত করেছেন হিমন্ত।

এই মন্তব্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Walton Ads