উপকূলের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন উইফা। আশা করা হচ্ছে, রোববার (২০ জুলাই) এটি হংকংয়ের দক্ষিণ উপকূল অতিক্রম করতে পারে। এই সময় ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের সম্ভবনা রয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, বুধবার রাতে ফিলিপাইনের পূর্বে গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ হিসেবে উইফা সৃষ্টি হয়। দ্রুত শক্তি বাড়িয়ে এটি দক্ষিণ চীনের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে ফিলিপাইনের ম্যানিলার ৫৫০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে অবস্থান করেছিল এই ঝড়। বাতাসের গতি তখন প্রায় ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
উইফা ধীরে ধীরে তীব্রতা বাড়িয়ে উত্তর-পশ্চিম বা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। শনিবার দিনের শেষে এটি হংকংয়ের ৮০০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তাই শহরে ১ নম্বর টাইফুন সতর্কীকরণ সংকেত জারি করা হয়েছে এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
হংকং কর্তৃপক্ষ ঝড় মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। শহরের উচ্চপদস্থ কর্মকর্তা এরিক চ্যান কোওক-কির নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি কাজ করছে। জরুরি পরিবহন সমন্বয় কেন্দ্র, ফায়ার সার্ভিস, পুলিশ, সিভিল এইড ও মেডিকেল সার্ভিসগুলো সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
জলোচ্ছ্বাস ও বন্যা প্রতিরোধে শহরের প্রায় ২৪০টি জায়গা পরিদর্শন ও পরিষ্কার করা হয়েছে। ঝড়ের সময় নিষ্কাশন নালা পরিষ্কারের জন্য ১৮০টি দল প্রস্তুত রয়েছে। আবহাওয়ার ওপর নজর রেখে পরিস্থিতি অনুযায়ী উদ্ধার ও প্রতিক্রিয়া কার্যক্রম পরিচালিত হবে।