ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার ঘটনায় ভারতের উপর বাড়তি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। এমন বিতর্কিত অবস্থানের ফলে টালমাটাল হয়ে উঠেছে ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্ক।

এই ঘটনার পর ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির অন্দরেই দেখা দিয়েছে অস্বস্তি। প্রকাশ্যে কড়া সমালোচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী ও প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। সোশাল মিডিয়ায় ট্রাম্পকে সরাসরি সতর্ক করে নিকি হ্যালি লিখেছেন, “বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক পুড়িয়ে ফেলবেন না।”

নিকির মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের উচিত রাশিয়া থেকে তেল না কেনা। কিন্তু একইসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এই বলে, “চিন, যেটি আমাদের শত্রু এবং রাশিয়া ও ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে, তাদের ৯০ দিনের শুল্কছাড় দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।”

তিনি জোর দিয়ে বলেন, “ভারতের মতো শক্তিশালী মিত্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করা যুক্তরাষ্ট্রের জন্য কোনওভাবেই সঠিক সিদ্ধান্ত হবে না।”

সম্প্রতি ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেন, “ভারত আমাদের সঙ্গে বাণিজ্যে আগ্রহ দেখায় না, কিন্তু আমরাই তাদের সঙ্গে বেশি বাণিজ্য করি। এ কারণে আমরা তাদের ২৫ শতাংশ শুল্ক দিয়েছিলাম, আর সেটা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও বাড়ানো হবে।”

তিনি আরও দাবি করেন, “ভারত রাশিয়া থেকে বিপুল তেল কিনে সেটি খোলা বাজারে বিক্রি করে লাভ করছে, আর রাশিয়াকে সাহায্য করছে ইউক্রেনে রক্তগঙ্গা বইয়ে দিতে।”

ট্রাম্পের এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে তেল কেনা কৌশলগত সিদ্ধান্ত। কারণ তখন বেশিরভাগ তেল ইউরোপে চলে যাচ্ছিল।

ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলে, “আমেরিকাই সেই সময় আমাদের উৎসাহ দিয়েছিল রাশিয়ার কাছ থেকে তেল কিনতে, যাতে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল থাকে।”

তারা আরও যোগ করে, “ভারত তো নিজস্ব জাতীয় স্বার্থকে মাথায় রেখেই সিদ্ধান্ত নেয়। আর আমেরিকা ও ইউরোপ নিজেরাও রাশিয়ার সঙ্গে ব্যবসা করে। তারা ইউরেনিয়াম, প্যালাডিয়াম, সারসহ বিভিন্ন কাঁচামাল রাশিয়া থেকেই আমদানি করে।”

এমন পরিস্থিতিতে ট্রাম্পের নিজের দলের ভিতর থেকেই যখন এমন কড়া বার্তা এল, তখন অনেকেই মনে করছেন এই বেপরোয়া অবস্থান ভবিষ্যতে ট্রাম্পের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

news