প্রকৃতির ভয়াল থাবায় বিপর্যস্ত চিন। শুক্রবার উত্তর-পশ্চিমের গানসু প্রদেশে মেঘভাঙা বৃষ্টির পর একাধিক এলাকায় হড়পা বান আছড়ে পড়েছে। পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এখনও নিখোঁজ ৩৩ জন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি নির্দেশ দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে, ভারী বর্ষণে দক্ষিণের গুয়াংজু শহরের দাউয়ান গ্রামে নেমে এসেছে ভয়াবহ ভূমিধস। মুহূর্তে ধসে পড়েছে বহু বাড়ি, প্রাণ হারিয়েছেন আরও ৭ জন।

গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণে বিপর্যস্ত চিন। একের পর এক এলাকায় বন্যা, ভূমিধস আর হড়পা বান তৈরি করেছে ভয়ঙ্কর পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে, বহু বছরের মধ্যে এমন প্রকৃতির তাণ্ডব খুব কমই দেখেছে দেশটি। মাত্র এক সপ্তাহ আগেই উত্তর চিনে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছিলেন ৬০ জন।

এখনও পর্যন্ত দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১টি গুরুত্বপূর্ণ সড়কপথ। ১৩৬টি গ্রাম ডুবে রয়েছে অন্ধকারে, কারণ বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকার্যে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও, যাতে দ্রুত পানিবন্দি মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া যায়।

Walton Ads