সাম্প্রতিক বিদ্রোহী হামলার জেরে বালোচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞা তিন সপ্তাহের জন্য বলবৎ থাকবে বলে শুক্রবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার জানিয়েছে।
ইসলামাবাদের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে ‘পাকিস্তান-বিরোধীরা’ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে প্রশাসন উদ্বিগ্ন। তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বুধবার ভোরে নৌশকি জেলায় বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) হামলায় এক মেজরসহ তিন পাকিস্তান সেনা নিহত হওয়ার পরই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে, শুক্রবার ভোরে বালোচিস্তান-আফগানিস্তান সীমান্তে পাক সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৩ বিদ্রোহী নিহত হয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) জানিয়েছে।
সাম্প্রতিক হামলায় অভিযুক্ত বিদ্রোহীরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য মোবাইল ইন্টারনেট ব্যবহার করছিল বলে প্রমাণ পাওয়া গেছে। সেই কারণেই এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
এদিকে, চলতি বছরের শুরুতে বালোচিস্তানের দুই প্রধান সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশের বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’ (এসআরএ) যৌথভাবে একটি নতুন জোট গঠন করেছে। সেই থেকে তারা ধারাবাহিকভাবে পাক সেনা ও প্রশাসনিক কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।