রিখটার স্কেলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়ার কুরিল দ্বীপ। একের পর এক ভূমিকম্পে আতঙ্কে ভুগছে পুতিনের দেশ। কুরিল দ্বীপ প্রশান্ত মহাসাগরের উত্তরের দিকে অবস্থিত।

গত মাসে রাশিয়ার কামচাটকা প্রদেশে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। সেই কম্পনের পর রাশিয়া ও জাপানে সুনামির হুমকিও দেখা দেয়।

গত রবিবার কুরিল দ্বীপ সংলগ্ন এলাকায় ৬.৮ মাত্রার এক বড় ভূমিকম্প অনুভূত হয়, যেখানে কয়েকটি এলাকায় সুনামি সতর্কতাও জারি করা হয়। আর লাগাতার ভূমিকম্পের কারণে কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি ৬০০ বছর পর আবারও সক্রিয় হয়েছে।

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানায়, শনিবারের এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কুরিল দ্বীপের পূর্বপ্রান্ত, যেখানে কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২ কিলোমিটার গভীরে। এ পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির তথ্যও মেলেনি।

৩০ জুলাই, কামচাটকা প্রদেশে ৮.৮ মাত্রার একটি বিরাট ভূমিকম্প ঘটে, যা আমেরিকা, জাপানসহ একাধিক দেশে অনুভূত হয়। রাশিয়ার উপকূলে প্রায় ১৩ ফুট উচ্চতার সুনামির ঢেউ দেখা দেয়। সে সময় দ্রুত উপকূলবর্তী মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ওই প্রধান ভূমিকম্পের পর থেকে রাশিয়ায় ১২৫টি আফটারশক (পরবর্তী কম্পন) হয়েছে, যার মধ্যে তিনটির মাত্রা ছিল ৬.০ বা তার বেশি। সবচেয়ে শক্তিশালী আফটারশকের মাত্রা ছিল ৬.৯, যা মূল কম্পনের প্রায় ৪৫ মিনিট পর হয়েছে।

ভূমিকম্পের আতঙ্কে কাঁপছে সাধারণ মানুষ, অন্যদিকে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দল, যে কোনও মুহূর্তে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য প্রস্তুত রয়েছে তারা।

Walton Ads