গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনাকে কেন্দ্র করে রাশিয়া কঠোর হুঁশিয়ারি দিয়েছে। মস্কো সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের পদক্ষেপ শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যকেই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে!

বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সেই ফাদেয়েভ স্পষ্ট ভাষায় বলেন, "ইসরায়েলের এই পরিকল্পনা অত্যন্ত বিপজ্জনক। এতে দখলকৃত এলাকার পরিস্থিতি আরও খারাপ হবে, যা ইসরায়েলের নিজের নিরাপত্তা এবং পুরো অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি তৈরি করবে।"

তিনি জানান, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সব চেষ্টা সত্ত্বেও হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। "আমাদের প্রথম লক্ষ্য হলো গাজার সম্পূর্ণ ধ্বংস ঠেকানো এবং নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি কমানো। এর একমাত্র উপায় হলো দ্রুত যুদ্ধবিরতি," যোগ করেন ফাদেয়েভ।

রাশিয়া উভয় পক্ষকে দ্রুত শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করে স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ফাদেয়েভের মতে, এভাবেই ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বের স্থায়ী সমাধানের পথ খুলবে।

সাংবাদিক হত্যার ঘটনায় রাশিয়ার ক্ষোভ
গত রোববার আল জাজিরার দুই সাংবাদিককে ইসরায়েলি সেনাদের হামলায় হত্যার ঘটনায় রাশিয়া তীব্র নিন্দা জানিয়েছে। ফাদেয়েভ একে "গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হামলা" বলে অভিহিত করেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ২৪০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন – যা ফাদেয়েভের ভাষায় "অত্যন্ত দুঃখজনক ও ভয়াবহ"।

গাজার ভয়াবহ পরিস্থিতি
গত অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত প্রায় ৬১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এই অভিযানকে গণহত্যা ও যুদ্ধাপরাধ হিসেবে নিন্দা জানাচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগে মামলা চলছে।

 

Walton Ads