হিউস্টন: মার্কিন তহবিল দিয়ে পরিচালিত স্তন ক্যানসার গবেষণা চুরির অভিযোগে এক চীনা চিকিৎসককে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ডা. ইউনহাই লি গত ৯ জুলাই হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে ধরা পড়েন। ঠিক ফ্লাইটে ওঠার আগে সীমান্ত নিরাপত্তা কর্মকর্তারা তার ল্যাপটপে গোপন গবেষণার তথ্য খুঁজে পান।

হ্যারিস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের তথ্য অনুযায়ী, ডা. লির বিরুদ্ধে Theft of Trade Secrets (তৃতীয়-ডিগ্রি ফেলনি) এবং Tampering with a Government Record (ক্লাস এ মিসডিমিনার) অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে দুই থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ হাজার ডলার জরিমানা হতে পারে। দ্বিতীয় অভিযোগে সর্বোচ্চ এক বছরের জেল এবং ৪ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।

ডা. লি ২০২২ সাল থেকে টেক্সাসের এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টারে কর্মরত ছিলেন। তিনি স্তন ক্যানসারের বিস্তার ঠেকাতে একটি ভ্যাকসিন তৈরির গবেষণা দলের অংশ ছিলেন। কর্তৃপক্ষের দাবি, তিনি ১ জুলাই পদত্যাগ করার পর প্রায় সম্পন্ন হওয়া গবেষণার তথ্য চীনের একটি সার্ভারে ট্রান্সফার করেন এবং পরে সেগুলো নিয়ে দেশটিতে ফেরার চেষ্টা করেন। এখন তার বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে আরও মামলা হতে পারে।

হ্যারিস কাউন্টির জেলা অ্যাটর্নি শন তেরে এক বিবৃতিতে বলেন, “হিউস্টন গর্বিত যে এখানে বিশ্বের সবচেয়ে আধুনিক চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে—যেগুলো প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে অসংখ্য প্রাণ বাঁচাচ্ছে। আমাদের দেশের এবং সমাজের গুরুত্বপূর্ণ গবেষণাকে ক্ষতিগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা আমরা কখনোই মেনে নেব না।”

Walton Ads