দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা বলেছেন, ইসরাইলি দখলের অধীনে ফিলিস্তিনিরা যে দমন-নিপীড়নের শিকার হচ্ছেন, তা দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের বর্ণবৈষম্যের সময়কার অভিজ্ঞতার চেয়েও ভয়াবহ।

বুধবার ৪ সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫১ বছর বয়সী মান্ডলা ম্যান্ডেলা জানান,
“আমাদের অনেকে যখন ফিলিস্তিনি দখলকৃত ভূখণ্ড সফর করে ফিরে এসেছি, তখন একটাই সিদ্ধান্তে পৌঁছেছি: ফিলিস্তিনিরা এমন এক ভয়াবহ বর্ণবাদী দমনের মধ্যে আছেন, যা আমরা দক্ষিণ আফ্রিকায় কখনোই প্রত্যক্ষ করিনি।
তিনি আরও বলেন, “যেভাবে বিশ্ব সম্প্রদায় আমাদের মুক্তির লড়াইয়ে পাশে দাঁড়িয়েছিল, সেভাবেই এখন ফিলিস্তিনিদের জন্যও বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এই মন্তব্যের পরপরই মান্ডলা তিউনিসিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তিনি যোগ দেবেন **‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’**তে। ডজনখানেক নৌকা ও ৪৪টি দেশের শত শত মানুষ এই বহরে অংশ নিচ্ছেন। তাদের মূল লক্ষ্য—গাজার মানুষের কাছে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

মান্ডলা ম্যান্ডেলা ১০ জন দক্ষিণ আফ্রিকান কর্মীর একজন, যারা এই মিশনে অংশ নিচ্ছেন। বহরের যাত্রীদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও।

দক্ষিণ আফ্রিকার শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি জানিয়েছে, এই ফ্লোটিলার মিশন তাদের নিজেদের মুক্তিসংগ্রামেরই প্রতিধ্বনি বহন করে।
 

Walton Ads