উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার বিদেশ সফরে গেছেন তার কিশোরী মেয়ে কিম জুআইকে নিয়ে। বাবার সঙ্গে জুআইয়ের এটি প্রথম আন্তর্জাতিক সফর। এই সফর ঘিরে আবারও আলোচনায় এসেছে কিম পরিবারের উত্তরাধিকারের বিষয়, যা বিশ্বের নজর কাড়ছে।

২০২২ সালে কিম পরিবারের প্রথা ভেঙে কিম জুআইকে আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন প্যারেডে প্রকাশ্যে আনা হয়েছিল। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে, কিম জুআই পরবর্তী উত্তরাধিকারী হতে পারেন। এবার চীনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরে বাবার সফরসঙ্গী হওয়ার ঘটনা সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
উত্তর কোরিয়ার নেতৃপরিবারের সদস্যদের নাম ও বয়স সাধারণত গোপন রাখা হয়। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের মতে, বেইজিংয়ে কিমের সঙ্গে ট্রেন থেকে নামতে দেখা কিশোরী কিম জুআইই। ধারণা করা হয়, ২০১৩ সালে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান যাকে কোলে নিয়েছিলেন, সেই শিশুই এখনকার কিশোরী জুআই।

যুক্তরাষ্ট্রের স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়ার নেতৃত্ব বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন মনে করেন, এই মুহূর্তে কিম জুআই উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। তিনি বলেন, এখন সে প্রোটোকল সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে। ভবিষ্যতে এটি তাকে দেশের শীর্ষ দায়িত্বে সহায়তা করবে।”
ম্যাডেনের মতে, জুআইয়ের এই আন্তর্জাতিক অভিজ্ঞতা বিরল। তার বাবা বা কিমের ক্ষমতাধর ফুফু কিম ইয়ো জংয়ের এরকম অভিজ্ঞতা নেই। এমনকি কিম জং উনের তার বাবা কিম জং ইলের সঙ্গে বিদেশে যাওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না।

ধারণা করা হচ্ছে, কিম জুআইয়ের বয়স ১৩ বছর। সম্প্রতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার উপস্থিতি বেড়েছে। গত মে মাসে রাশিয়ার দূতাবাসে এক অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা মনে করেন, এখন পর্যন্ত জুআই কিমের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি। তবে পুরুষ-শাসিত রাজবংশের শীর্ষ পদে শেষ পর্যন্ত নারী দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়ে গেছে।
 

Walton Ads