ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ৬ জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়।

ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছিল। তাদের সঙ্গে যুক্ত ছিল খোররামশাহরে সংঘটিত এক বোমা হামলার ঘটনাও। তবে এ হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি ইরান।

এরই মধ্যে দেশটির আইন প্রণয়ন প্রক্রিয়ায় এসেছে বড় পরিবর্তন। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছেন, সম্প্রতি গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণবিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে।

তিনি জানান, আইনের প্রাথমিক খসড়াগুলোতে সংবিধানগত ও ধর্মীয় (শরিয়া) অস্পষ্টতা থাকায় সংশোধনের পর পুনরায় অনুমোদন দেওয়া হয়েছে। এখন আর কোনো অসঙ্গতি নেই বলে জানিয়েছে গার্ডিয়ান কাউন্সিল।

নতুন ‘গুপ্তচরবৃত্তি আইন’ অনুযায়ী, যারা ইরানের জাতীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করবে কিংবা ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে’, তাদের জন্য আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় আইনটি মূলত ‘অসামরিক ড্রোন ব্যবহারের জন্য’ আইনি কাঠামো তৈরি করেছে। এতে নিরাপত্তা, লাইসেন্সিং এবং নজরদারি সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি এসব আইন বাস্তবায়নকে ইরানের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা রক্ষার কঠোর পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

 

Walton Ads