ভারতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ বন্ধ করা নিয়ে ব্যাখ্যা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। রবিবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি এই ঘটনা ‘কারিগরি সমস্যা’ হিসেবে ব্যাখ্যা করেছেন।
ভারত সফররত মুক্তাকি সংবাদ সম্মেলনের বিষয়ে বলেন, “এটি সংক্ষিপ্ত নোটিশে আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত সাংবাদিকদের একটি সংক্ষিপ্ত তালিকা ছিল। এটি প্রযুক্তিগত সমস্যা ছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমাদের সহকর্মীরা নির্দিষ্ট তালিকার সাংবাদিকদেরই আমন্ত্রণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।”
মুত্তাকি বৃহস্পতিবার ভারতে পৌঁছান এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। পরের দিন শুক্রবার দিল্লির আফগান দূতাবাসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তবে ওই সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। বিষয়টি নিয়ে বিরোধী দল কংগ্রেসও সরব হয়।
এদিকে মন্ত্রী আরও বলেছেন, “আমাদের স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ২৮ লাখের বেশি নারী ও মেয়ে। মাদ্রাসায় স্নাতক পর্যন্ত শিক্ষা অব্যাহত রয়েছে। কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা কখনো নারী শিক্ষাকে ধর্মীয়ভাবে হারাম ঘোষণা করিনি। এটি কেবল পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।”
তালেবানের এই ব্যাখ্যা সামাজিকভাবে বিতর্কিত হওয়া সত্ত্বেও, তারা সংবাদ সম্মেলনের আয়োজনকে প্রযুক্তিগত সমস্যা হিসেবে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছেন।