পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রাতে নারীদের বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করা উচিত। গভীর রাতে জঙ্গলের মতো এলাকায় মেয়েরা বের হওয়া উচিত নয়।” এই মন্তব্য তিনি করেছিলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ ধর্ষণ কাণ্ডকে ঘিরে।
সংবাদ সম্মেলনে মমতা বলেন, “পুলিশকে জিজ্ঞেস করুন, আমাকে নয়। এটি একটি বেসরকারি কলেজ। কেউই সমর্থন করছে না। তিন সপ্তাহ আগে ওড়িশায় তিনটি মেয়েকে সমুদ্র সৈকতে ধর্ষণ করা হয়। ওড়িশা সরকার কী করেছে? বাংলায় মহিলাদের সঙ্গে কিছু হলে, আমরা হালকা ভাবে নিই না। এটি একটি গুরুতর ঘটনা।”
মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, দুর্গাপুরের ঘটনায় ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বেসরকারি মেডিকেল কলেজেরই ছিল। তিনি বলেন, “ওই মেয়েটি বেসরকারি মেডিকেল কলেজে পড়ছিল। রাত ১২টা ৩০ মিনিটে বাইরে বের হওয়া উচিত হয়নি। বিশেষ করে জঙ্গল এলাকায় মেয়েদের সতর্ক থাকা প্রয়োজন। পুলিশ তল্লাশি চালাচ্ছে। যেই দোষী হোক না কেন, কড়া শাস্তি দেওয়া হবে।”
মমতা আরও জানান, “তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটির বয়ানের ভিত্তিতেই গ্রেপ্তার। আমরা কড়া পদক্ষেপ নেব।”
তিনি দেশের অন্যান্য রাজ্যেও ধর্ষণ ঘটনার উদাহরণ দেন। বলেন, “মণিপুর, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশায় বহু ঘটনা ঘটেছে। সেখানকার সরকারও কঠোর পদক্ষেপ নেবে। আমাদের রাজ্যে এক-দু’মাসে চার্জশিট দেওয়া হয়। নিম্ন আদালত মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে।”
মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, রাত্রে বাইরে বেরোতে নারীরা সাবধান হোন। তিনি বলেন, “পুলিশ সব সময় বাড়িতে থাকবে না। বেসরকারি কলেজেরও দায়িত্ব আছে পড়ুয়াদের দেখভাল করার। বিশেষ করে হস্টেলে থাকা ফার্স্ট ইয়ারের মেয়েদের নিরাপত্তা বাড়ানো উচিত।”
ঘটনার বিস্তারিত অনুযায়ী, ধর্ষণের শিকার তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। তিনি ১০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সহপাঠীদের সঙ্গে কলেজের বাইরে খেতে বের হন। তখন কয়েকজন যুবক তাকে হাসপাতালের পিছনের জঙ্গলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।